ক্যানসার ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্তে স্বস্তি রোগীদের

ক্যানসার রোগীদের জন্য বিরাট সুখবর! কেন্দ্রের সিদ্ধান্তে মারণরোগের ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত। বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয় হবে রোগীদের।

Share:

ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: ক্যানসার রোগীদের জন্য এল এক বিরাট স্বস্তির খবর। মারণরোগের ওষুধের দাম ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানাল কেন্দ্র। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা সোমবার জানিয়েছেন, মোদি সরকার ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য (MRP)-এর উপর ট্রেড মার্জিন ৩০ শতাংশ পর্যন্ত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে ক্যানসার আক্রান্ত রোগীদের বার্ষিক প্রায় ২৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে অনুমান করা হচ্ছে।

বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানানো হয়েছে যে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) গত ৮ অক্টোবর এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করেছে। কেন্দ্র ক্যানসারের ওষুধের একটি তালিকা প্রকাশ করবে, যেগুলির উপর এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের চাহিদা অনুযায়ী সময়ে সময়ে এই তালিকায় নতুন ওষুধ যুক্ত করা হবে। দীর্ঘদিন ধরেই ক্যানসারের চিকিৎসার বিপুল খরচ নিয়ে উদ্বেগ ছিল।

এই রোগের ওষুধগুলি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বহু রোগীর পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ত। কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ ক্যানসার রোগী ও তাঁদের পরিবার আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। ওষুধের দাম কমার ফলে আরও বেশি সংখ্যক রোগী উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।