ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান আকস্মিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন মুরুগান। শুধু মন্ত্রিত্ব নয়, একই সঙ্গে তিনি রাজ্যসভার সাংসদ পদও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা জাতীয় রাজনীতিতে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, নিজের রাজ্য তামিলনাড়ুতে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। মুরুগান স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি রাজ্যে দলের তৃণমূল স্তরের রাজনীতিতে ফিরে যেতে চান। সে কারণেই তিনি বড় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। জানা যাচ্ছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির হাত শক্ত করতে এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই তিনি তৃণমূল স্তরে কাজ করতে আগ্রহী।
দলীয় কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি, দলের জন্য একেবারে গোড়া থেকে কাজ করার উদ্দেশ্যেই মুরুগান এই সাহসী পদক্ষেপ নিয়েছেন। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত মুরুগান এর আগে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার বিষয়টিকে তিনি জীবনের অন্যতম বড় সম্মানজনক ঘটনা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর এই সিদ্ধান্ত দলের মধ্যে নতুন উদ্দীপনা আনবে বলে মনে করা হচ্ছে।








