ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: ডারবানের কিংসমিডেএ দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে সিরিজের প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। এই ম্যাচে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা তাঁর অধিনায়কত্বে প্রথম টেস্ট হারের স্বাদ পেলেন। এর আগে ১২টি টেস্টের মধ্যে ১১টিতেই জয়ী ছিলেন বাভুমা, যা দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এক অনন্য রেকর্ড। কিন্তু জশ হেজলউডের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাঁর অশ্বমেধের দৌড় শেষ হল। অস্ট্রেলিয়ার এই জয়ের মূল কাণ্ডারি ছিলেন ডানহাতি পেসার জশ হেজলউড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৯ রান খরচ করে তিনি ৬টি উইকেট তুলে নেন।
সব মিলিয়ে গোটা ম্যাচে তাঁর ঝুলিতে ৮টি শিকার। চতুর্থ দিনের সকালে ৪ উইকেটে ১০২ রান নিয়ে খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আইডেন মার্করাম এবং উইয়ান মুল্ডারের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হেজলউডের বলে মুল্ডার (২৯) আউট হওয়ার পরই প্রোটিয়া ইনিংসে ধস নামে। লাঞ্চের পর নতুন বল হাতে পেয়ে হেজলউড আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। মার্কো জানসেন (৩৫) এবং সাইমন হারমারকে শূন্য রানে ফিরিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড ভেঙে দেন। মার্করাম (৭৫) লড়াকু ইনিংস খেললেও মিচেল স্টার্কের বলে আউট হন। শেষমেশ হেজলউডই অনরিখ নরকিয়াকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০৬ রানে অল-আউট করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। এই জয় গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের মধুর বদলা বলেও মনে করা হচ্ছে। স্টিভ স্মিথ মাথায় চোট পেয়েও মাঠে ফিরে আসেন।








