ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: ট্রেন দেরির প্রতিবাদে যাত্রীদের বিক্ষোভে উত্তাল হল হুগলির কামারকুণ্ডু স্টেশন। এর জেরে প্রায় এক ঘণ্টা আটকে পড়ল হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস।
রেল সূত্রে জানা গেছে, কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস ১২ ঘণ্টারও বেশি দেরিতে চলায় ক্ষুব্ধ যাত্রীরা লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ট্রেনটির কামারকুণ্ডু স্টেশনে বৃহস্পতিবার বিকেলে পৌঁছনোর কথা থাকলেও, সেটি শুক্রবার সকাল সাড়ে ছ’টায় এসে পৌঁছায়।
এই বিক্ষোভ চলাকালীনই কামারকুণ্ডু স্টেশন পেরোচ্ছিল ডাউন হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। বিক্ষোভের মুখে পড়ে ট্রেনটি আটকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। তাঁরা বিক্ষোভকারী যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লম্বা আলোচনার পর অবশেষে যাত্রীরা বিক্ষোভ তুলে নেন। প্রায় এক ঘণ্টা পর ফের রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস।
সকাল ৮টা নাগাদ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস এবং ৮টা ৪ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসকে গন্তব্যের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি ট্রেন দেরির কথা স্বীকার করে জানিয়েছেন, “ট্রেন দেরিতে চলছিল। লেট থাকায় কয়েকজন যাত্রী বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখন সব ঠিক হয়ে গিয়েছে।” এদিকে, যাত্রী পরিষেবায় অব্যবস্থার অভিযোগ তুলে কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস থেকে একটি পরিবার নেমে যায় বলেও জানা গেছে।
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তাঁরা কামারকুণ্ডুতেই নেমে বাড়ি ফিরে যান বলে অভিযোগ। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।








