ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ফের ধাক্কা খেল ভারত। দীর্ঘদিন ধরে নির্বাচন ঝুলিয়ে রাখা এবং প্রশাসনিক অচলাবস্থার কারণে ভারতের ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন (EFI)-কে নির্বাসন করল বিশ্ব অশ্বারোহী ক্রীড়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন (FEI)।
গত ১৩ই অক্টোবর FEI বোর্ডের জরুরি অনলাইন বৈঠকে এই শাস্তির সিদ্ধান্ত হয়। ১৫ই অক্টোবর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) নিযুক্ত অ্যাড-হক কমিটিকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার বার্তা জানানো হয়েছে। FEI-এর তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছিল। নতুন নির্বাচন না হওয়ায় আইনি লড়াই শুরু হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্ট পুরো কার্যনির্বাহী কমিটিকেই ভেঙে দেয়। আদালতের নির্দেশে গত ২৭শে মার্চ IOA একটি অন্তর্বর্তী অ্যাড-হক কমিটি গঠন করে নির্বাচনের দায়িত্ব দিলেও, দীর্ঘদিনেও কমিটি গঠন সম্ভব হয়নি।
বিশ্ব সংস্থা স্পষ্ট করে দিয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব ছাড়া একটি জাতীয় ফেডারেশন অনির্দিষ্টকাল চলতে পারে না। এই দীর্ঘমেয়াদি নেতৃত্বহীনতা ও প্রশাসনিক অনিয়ম মেনে নেওয়া আর সম্ভব নয়।
এই নির্বাসনের ফলে আগামী ১লা ডিসেম্বর থেকে ভারতের কোনও রাইডার, ট্রেনার, জাজ বা টেকনিক্যাল অফিসিয়াল আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারবেন না। এমনকি ভারতে নথিভুক্ত কোনও ঘোড়াও আন্তর্জাতিক ইভেন্টে নামতে পারবে না। ভারতীয় অ্যাথলিটরা দেশের পতাকা বা নিরপেক্ষ FEI পতাকা নিয়েও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না। ভারত কোনও আন্তর্জাতিক অশ্বারোহী ইভেন্ট আয়োজন করতে পারবে না।
ভারতীয় অ্যাড-হক কমিটি ২০২৭ সালের ৩১শে জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দিলেও, FEI অপেক্ষা করতে নারাজ। ২০২৬-এর ১লা ডিসেম্বর থেকেই নির্বাসন কার্যকর হবে।








