মীরাবাই চানুর উপর নির্ভরতা নয়, আরও প্রতিভা তৈরির নির্দেশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ক্রীড়া ফেডারেশনগুলিকে আরও প্রতিভা তৈরির নির্দেশ দিলেন। মীরাবাই চানুর উপর নির্ভরতা কমিয়ে তৃণমূল স্তরে আধুনিক প্রশিক্ষণে জোর।

Share:

ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশের ক্রীড়া ফেডারেশনগুলির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ২০২৬ এশিয়ান গেমসে ভারতের চতুর্থ স্থানাধিকারের পর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, গুটিকয়েক খেলোয়াড়ের উপর নির্ভর করে অলিম্পিক্স বা এশিয়ান গেমসের স্বপ্ন দেখা সম্ভব নয়।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আর কত দিন একা মীরাবাই চানু আমাদের জন্য পদক এনে দেবেন? আমাদের অন্তত আরও ১০ জন মীরাবাই চানু তৈরি করতে হবে।” মন্ত্রী জোর দেন তৃণমূল স্তর থেকে নিখাদ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিশ্বমানের বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দেওয়ার উপর। তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ ধাপে পৌঁছতে পারে।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স, ভারতে আয়োজিত ২০৩০ কমনওয়েলথ গেমস এবং ২০৩০ দোহা এশিয়ান গেমসের ব্লু-প্রিন্ট চূড়ান্ত করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। মাণ্ডব্য চিরাচরিত অনুশীলনের দিন শেষ ঘোষণা করে প্রতিটি জাতীয় শিবিরে স্পোর্টস সাইকোলজিস্ট, স্পোর্টস সায়েন্স বিশেষজ্ঞ এবং হাই-পারফরম্যান্স মেন্টাল ট্রেনারদের উপস্থিতি বাধ্যতামূলক করার নির্দেশ দেন। এছাড়াও, ঘরোয়া প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো এবং প্রশাসনিক ত্রুটিবিচ্যুতির আত্মমূল্যায়ন করার কথা বলেন তিনি।

‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের যৌথ সচিব বিনীল কৃষ্ণ এবং টপস (TOPS)-এর সিইও কর্নেল এন এস জোহাল ভবিষ্যৎ রূপরেখা পেশ করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাড়সে রাজ্য ও জেলা স্তরের সংগঠনের কার্যকারিতা খতিয়ে দেখার বার্তা দেন। ক্রীড়াসচিব হরিরঞ্জন রাও ২০৩০ দোহা এশিয়ান গেমসে শীর্ষ তিনে এবং ২০৩০ কমনওয়েলথ গেমসে সেরা তিনে শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। অ্যাথলিট, কোচ, ফেডারেশন ও সাই-মন্ত্রকের সম্মিলিত প্রচেষ্টায় ভারতের ক্রীড়া গৌরব উজ্জ্বল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।