ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: শিবা শর্মা মৃত্যু মামলায় নেপালে খোঁজ পাওয়া গেল মডেল শ্রদ্ধা দুবে ও তাঁর বোনের। কাঠমান্ডু সংলগ্ন একটি এলাকায় তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বিগত ৯ই অক্টোবর চারতলা আবাসনের ছাদ থেকে পড়ে মারা যান লখনয়ের ক্যাফে মালিক শিবা শর্মার। ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন শ্রদ্ধা দুবে ও তাঁর বোন রশ্মি। তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্ক ছিল শিবার। তিনি ছাদ থেকে কী ভাবে পড়ে গেলেন, তা ঘিরে রহস্য ক্রমশ বাড়ছিল। এরমধ্যেই শিবার মা দাবি করেন, শিবা আত্মহত্যা করেনি, তাঁকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ আঙুল উঠেছে শ্রদ্ধা এবং তাঁর বোনের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকেই পলাতক হয় শ্রদ্ধা এবং তাঁর বোন রশ্মি ও তাঁদের গাড়িচালক আদিল।
গত কয়েকদিন ধরেই গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। অবশেষে নেপালে তাঁদের দেখা যাওয়ার খবর নিশ্চিত হয়েছে। উত্তরপ্রদেশের রূপীডীহা সীমান্ত দিয়ে শ্রদ্ধারা নেপালে ঢুকেছেন। সেখানকার দু’টি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রদ্ধা ও তাঁর বোনকে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই দেখা গেছে। তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলেও শোনা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্তকারী দল নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তাঁদের নেপালে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, বা তাঁরা সেখানে কতদিন ধরে রয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
এই ঘটনার পর থেকে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে গোটা ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা হচ্ছে।








