ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে মুম্বই পুলিশের হাতে তুলে দিল দিল্লি পুলিশ। এই চার জন টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জোগাড় এবং শ্যুটারদের হাতে তুলে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কুণাল, সুমিতা, রাধা এবং ববিতা। কুণাল ও সুমিতা আগ্নেয়াস্ত্রের ব্যবস্থা করেছিল এবং রাধা ও ববিতা মুম্বইয়ের দাদার এলাকায় গিয়ে সেগুলি তিন শ্যুটারের হাতে তুলে দিয়েছিল। এর আগে এই হামলার ঘটনায় রাজস্থানের কোটা থেকে তিন শ্যুটারকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে হরিয়ানার সোনিপত থেকে সমীর নামে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়, যে শ্যুটারদের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় থাকা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতের যোগাযোগ করিয়ে দিয়েছিল।
বিগত রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও অভিনেতা অক্ষত রয়েছেন। পুলিশের দাবি, দু’মাস আগেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিল কুণাল। অনিল পণ্ডিতের সঙ্গে তার যোগাযোগ হয় এবং অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ জোগাড় করে। রাধার মাধ্যমে সেগুলি মুম্বই পাঠানো হয়। গত ১৫ই অক্টোবর রাধার সঙ্গে ববিতাও মুম্বই গিয়েছিল। পরে রাধার কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে রবিবার হামলা চালানো হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।








