সিজেপি মামলার শুনানিতে ফ্রান্সের দাঙ্গা প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট, আবেদন প্রত্যাহার

দিল্লি হাই কোর্টে সিজেপি নেতাদের আবেদন খারিজ। শুনানিতে ফ্রান্সের দাঙ্গা প্রসঙ্গ টেনে আদালতের ভর্ৎসনা, আবেদন প্রত্যাহার সৌরভ-আশুতোষের।

Share:

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনতে রাজি হল না উচ্চ আদালত।

হাইকোর্ট প্রশ্ন তোলে, বিকল্প আইনি পথ থাকা সত্ত্বেও কেন আবেদনকারীরা সরাসরি উচ্চ আদালতে এলেন এবং স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শুনানির জন্য অপেক্ষা করলেন না। এরপরই আবেদন প্রত্যাহার করে নেন সৌরভ ও আশুতোষ। মামলার শুনানিতে হাইকোর্ট ফ্রান্সের দাঙ্গার প্রসঙ্গ টেনে আনে, যা ছাত্র আন্দোলন থেকে অগ্নিসংযোগে পরিণত হয়েছিল। আদালতের এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

উল্লেখ্যযোগ্যভাবে, গত ১৩ই অক্টোবর যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সিজেপি নেতারা। দিল্লি পুলিশ যন্তরমন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে দিলেও ব্যারিকেড টপকে সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন সৌরভ-আশুতোষরা। এরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন সিজেপি নেতারা।

তবে অন্যান্যদের ছেড়ে দিলেও সৌরভ এবং আশুতোষকে মুক্তি দেওয়া হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান, পরে যার মেয়াদ আরও ২ দিন বাড়ানো হয়। এই মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করেই সিজেপির আইনজীবীরা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।