এসবিআই-তে ভয়াবহ সাইবার হানা, ডার্ক ওয়েবে লক্ষাধিক গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস

এসবিআই-তে সাইবার হানা! ডার্ক ওয়েবে ফাঁস হল ৩.৮ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাল, মূল কার্যক্রমে প্রভাব পড়েনি।

Share:

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-তে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইবারপালস৫৬’ সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ্যে আনে।

তাদের দাবি, গ্রাহকদের নাম, বাড়ির ঠিকানা, ঋণের আবেদন সংক্রান্ত নথিপত্র, পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রেকর্ড হ্যাকারদের হাতে চলে গিয়েছে। ‘সাইবারপালস৫৬’ আরও জানিয়েছে যে, এই সাইবার হানার নেপথ্যে ‘সিরিয়াসিম’ নামে একটি হ্যাকার গোষ্ঠী রয়েছে। গত ১৬ই অক্টোবর প্রথম এই তথ্য ফাঁস হওয়ার খবরটি সামনে আসে। ফাঁস হওয়া তথ্যগুলির মধ্যে কমা-সেপারেটেভ ভ্যালু (CSV) ফরম্যাটে থাকা ডেটা এবং ২ হাজার ৭২২টি পিডিএফ ফাইলও রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এসবিআই গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।

যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্রুত জানিয়েছে যে, এই সাইবার হামলার কারণে তাদের মূল কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি। তবে, লক্ষাধিক গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের হামলার বিরুদ্ধে ব্যাঙ্কগুলিকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার এবং গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

এই ঘটনার জেরে ডিজিটাল লেনদেনের সুরক্ষাও নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে, যা দেশের ব্যাঙ্কিং সেক্টরের জন্য একটি বড় চ্যালেঞ্জ।