ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাজ্যের তৃণমূল স্তরে একটি শক্তিশালী প্রশাসনিক ডেটাবেস তৈরি করার উপর জোর দেওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা সুব্রত গুপ্ত।
তিনি বলেন, শুধু তথ্য ভাণ্ডার থাকলেই হবে না, সেগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বাস্তবে রূপ দিতে হলে একেবারে নিচুতলা থেকে তথ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকা জরুরি। এর উপর ভিত্তি করেই রাজ্য সরকার নীতি নির্ধারণ করতে পারবে।
বুধবার ইন্ডিয়ান অফিসিয়াল স্ট্যাটেসটিকস কনক্লেভে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সুব্রত গুপ্ত বলেন, একবার ৩০০ জন স্কুল শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। শহর বা আধা-শহুরে এলাকায় এঁদের কোথায় এবং কীভাবে নিয়োগ করা হবে, তা নিয়ে সরকারি স্তরে নানা জটিলতা তৈরি হয়েছিল।
এই ধরনের পরিস্থিতি এড়াতে এবং সরকারি প্রকল্পগুলিকে আরও কার্যকর করতে একদম গোঁড়ার দিকে ডেটাবেস তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ডেটাবেস তৈরি এবং তা কার্যকরভাবে ব্যবহার করার মধ্যে একটি বড় ফারাক রয়েছে। এই ফারাক দূর করতে আইএসআইকে বিশেষ ভূমিকা নিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, এই কনক্লেভ থেকে প্রাপ্ত আলোচনা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে আরও উন্নত করতে সাহায্য করবে।








