ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের বিরুদ্ধে এক বড়সড় অভিযান চালিয়ে সাফল্য লাভ করেছে। পশ্চিম বর্ধমান ও বীরভূমের একাধিক এলাকা থেকে মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র, ১২২ রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই আসানসোলের জামুড়িয়া থেকে খাইরুল আলম চৌধুরী ওরফে গদাই শেখকে গ্রেফতারের পর এই চক্রের সন্ধান মেলে।
তদন্তে জানা যায়, মুঙ্গের, বিহার থেকে অস্ত্র এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হত। এরপর ঝাড়খণ্ডের রাঁচি থেকে মহম্মদ সামশের হুসেন নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে অন্ডাল থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পরবর্তীকালে, ২৬ অক্টোবর পাণ্ডবেশ্বরের ডালুরবাজার থেকে শেখ সাহাজাহান ওরফে সাহাজানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ ও ৫ নভেম্বর পাণ্ডবেশ্বরের ধান্যভাঙা গ্রামে অভিযান চালিয়ে কৃষিজমির মধ্যে লুকিয়ে রাখা ৬টি দেশি লম্বা বন্দুক, ৪টি দেশি পিস্তল, ১১টি পাইপগান সহ মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
অন্যদিকে, বীরভূমের মুরারই থানার বারুয়া গোপালপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে এসটিএফ। মহম্মদ রেজা শেখ ও মুকেশ সিং নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১৫০টি জিলেটিন স্টিক, ১০৬৪টি ডিটোনেটর এবং ৩২টি বৈদ্যুতিক তারের রোল উদ্ধার হয়েছে। ধৃতরা ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে বিস্ফোরক মজুত ও সরবরাহের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এসটিএফ জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।








