ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গে বেআইনি অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর থানা এলাকায় ধারাবাহিক তল্লাশির পর ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং ১২২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একাধিক পাচারকারীকে গ্রেফতারও করা হয়েছে বলে STF সূত্রে খবর। STF-এর তদন্ত শুরু হয় গত ৩০ জুলাই, যখন জামুড়িয়ার বেলবাইড মোড় থেকে খাইরুল আলম চৌধুরী ওরফে গদাই শেখকে গ্রেফতার করা হয়।
জেরায় জানা যায়, মুঙ্গের, বিহার থেকে অস্ত্র এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হত। এরপর ৪ আগস্ট ঝাড়খণ্ডের রাঁচি থেকে মহম্মদ সামশের হুসেন নামে আরও একজনকে ধরা হয়। তার তথ্যের ভিত্তিতে অন্ডালের একটি পরিত্যক্ত আবাসন থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়। ২৬ অক্টোবর পাণ্ডবেশ্বরের ডালুরবাদের বাসিন্দা শেখ সাহাজাহান ওরফে সাহাজানকে গ্রেফতারের পর মামলার মোড় ঘুরে যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ ও ৫ নভেম্বর পাণ্ডবেশ্বরের ধান্যভাঙা গ্রামে তল্লাশি চালিয়ে কৃষিজমির ভেতর থেকে আরও অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দেশি বন্দুক, পিস্তল এবং পাইপগান রয়েছে।
অন্যদিকে, বীরভূমের মুরারই থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে STF। মহম্মদ রেজা শেখ ও মুকেশ সিং নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১৫০টি জিলেটিন স্টিক, ১০৬৪টি ডিটোনেটর এবং ৩২টি বৈদ্যুতিক তারের রোল উদ্ধার হয়। ধৃতরা ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে বিস্ফোরক মজুত ও সরবরাহের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান জারি থাকবে বলে STF জানিয়েছে।








