ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান পর্বকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। দলবদলের এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই তীব্র অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে, যা হাতাহাতির পর্যায় পৌঁছেছে।
জানা গেছে, বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ জন তৃণমূল সদস্যের মধ্যে উপপ্রধান সহ ১০ জন বিজেপিতে যোগ দিতে আসেন। স্থানীয় বিজেপি নেতা দীপক সরকারের হাত ধরে তাঁরা দলীয় পতাকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, যোগদান পর্ব শুরু হওয়ার আগেই স্থানীয় বিজেপি নেতা সৌমেন গায়েন ও তাঁর অনুগামীরা সেখানে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, দীপক সরকার আসলে তৃণমূলের লোক এবং তিনি নিজের স্বার্থে ‘হার্মাদ বাহিনীকে’ বিজেপিতে ঢোকাতে চাইছেন।
এই ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা শেষ পর্যন্ত তা হাতাহাতির রূপ নেয়। এই ঘটনায় বাদুড়িয়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল যে, তৃণমূলের ‘বেনোজল’ দলে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু বাদুড়িয়ার এই ঘটনা সেই নির্দেশকেই প্রশ্নের মুখে ফেলেছে। দলবদলের রাজনীতিতে বিজেপির অন্দরে এমন গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে অস্বস্তির সৃষ্টি করেছে।








