কসবার রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত অডি গাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার

কলকাতার রাস্তায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। তীব্র দুর্গন্ধের জেরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: কলকাতার কসবার রাস্তায় এক বিলাসবহুল অডি গাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই গাড়িটি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং তা থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধ এতটাই চরমে ওঠে যে স্থানীয়রা আর সহ্য করতে না পেরে পুলিশে খবর দেন।

বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর তারা গাড়িটি থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির চারটি দরজার মধ্যে তিনটি খোলা থাকলেও একটি দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কসবা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি নিছকই অসুস্থ হয়ে মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশের অনুমান, মৃত ব্যক্তি একজন ভবঘুরে হতে পারেন, যিনি হয়তো গাড়ির দরজা খোলা পেয়ে আশ্রয় নিতে ঢুকেছিলেন। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই সম্পূর্ণ ঘটনা স্পষ্ট হবে।