PNG-র চাপে LPG ব্যবসায় টান! কমিশন বৃদ্ধি ও নতুন সংযোগে ছাড় চাইছেন ডিলাররা

পিএনজি-র প্রসারে সংকটে এলপিজি ডিস্ট্রিবিউটররা। কমিশন বৃদ্ধি ও নতুন সংযোগে সরলীকরণের দাবিতে সরব তাঁরা। সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: পাইপের মাধ্যমে রান্নার গ্যাস বা PNG পরিষেবার প্রসার বাড়তেই চাপে পড়ছে LPG ব্যবসা! কমছে রান্নার গ্যাসের সিলিন্ডার রিফিল বিক্রি, অথচ বাড়ছে পরিচালন ও প্রযুক্তিগত খরচ। এই পরিস্থিতিতে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে কেন্দ্রের কাছে কমিশন বৃদ্ধি এবং নতুন LPG সংযোগ দেওয়ার ক্ষেত্রে আরও নমনীয় নিয়মের দাবি জানালেন দেশের গ্যাস ডিস্ট্রিবিউটররা।

শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকে একাধিক দাবি তুলে ধরেন LPG ডিস্ট্রিবিউটর সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ডিস্ট্রিবিউটরদের কমিশন আর সংশোধন করা হয়নি। অথচ ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC), ই-কেওয়াইসি এবং অন্যান্য প্রযুক্তিগত ব্যবস্থার কারণে খরচ বেড়েছে। PNG পরিষেবার বিস্তারের ফলে অনেক এলাকায় LPG সিলিন্ডারের রিফিল বিক্রিও কমেছে।

ডিস্ট্রিবিউটরদের আরও দাবি, যেসব এলাকায় এখনও PNG পরিষেবা পৌঁছয়নি, সেখানে নতুন LPG সংযোগ দেওয়ার অনুমতি দিতে হবে। পাশাপাশি, গ্রাহকদের LPG ও PNG-র মধ্যে নিজেদের পছন্দমতো জ্বালানি বেছে নেওয়ার স্বাধীনতা বজায় রাখতে হবে।

এদিকে, কেন্দ্রের তরফে PNG সংযোগ বাড়ানোর উদ্যোগ জোরদার হয়েছে। ফলে LPG ব্যবসার ভবিষ্যৎ ও গ্রাহকদের জ্বালানি বেছে নেওয়ার অধিকার—দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে।