ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: প্রযুক্তির দুনিয়ায় আত্মনির্ভর হওয়ার পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের! আন্তর্জাতিক রফতানি বিধিনিষেধের কারণে অত্যাধুনিক প্রযুক্তি আমদানিতে নানা বাধার মুখে পড়ছে দেশগুলি। এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তিতেই পরমাণু ঘড়ি বা অ্যাটমিক ক্লকের প্রোটোটাইপ তৈরি করে চমক দিল পুনের এক স্টার্টআপ।
পুনের ডিপ-টেক সংস্থা QuPrayog Private Limited মাত্র সাত মাসের প্রচেষ্টায় তৈরি করেছে রুবিডিয়াম-৮৭ (Rubidium-87) প্রযুক্তিনির্ভর অ্যাটমিক ক্লক। এই ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে Coherent Population Trapping (CPT) প্রযুক্তি। বর্তমানে প্রোটোটাইপটি প্রযুক্তিগত প্রস্তুতির চতুর্থ স্তরে (TRL-4) রয়েছে। ২০২৭ সালের শেষের মধ্যে এর আরও ছোট ও সমন্বিত সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থার।
কেন এত গুরুত্বপূর্ণ এই আবিষ্কার? স্যাটেলাইট নেভিগেশন, টেলিযোগাযোগ, মহাকাশ অভিযান এবং প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যন্ত নির্ভুল সময় নির্ধারণের প্রয়োজন হয়। সেখানে অ্যাটমিক ক্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংস্থার পরীক্ষামূলক দাবি অনুযায়ী, ১,০০০ সেকেন্ডের ব্যবধানে এই প্রোটোটাইপের সময়ের স্থিতিশীলতা সাধারণ ক্রিস্টাল অসিলেটরের তুলনায় প্রায় ৫০ গুণ বেশি।
সংস্থার লক্ষ্য, উন্নতমানের অ্যাটমিক ক্লকের জন্য বিদেশি প্রযুক্তির উপর ভারতের নির্ভরতা কমানো এবং দেশেই শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে এই উদ্যোগ নিঃসন্দেহে উল্লেখযোগ্য পদক্ষেপ।









