ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: হলিউডে নিজের জায়গা পাকা করলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার টান বরাবরই অটুট।
সম্প্রতি দশেরা উপলক্ষে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে বাড়িতেই পুজোর আয়োজন করে ফের একবার সেই প্রমাণ দিলেন দেশি গার্ল। এই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিতেই অনুরাগীদের নজর কেড়েছে গোটা পরিবার। বিশেষ করে ছোট্ট মালতীর ঐতিহ্যবাহী সাজ এবং নিকের ভারতীয় পোশাকে পুজোয় অংশ নেওয়ার মুহূর্ত নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে উৎসব পালনের এই ঝলকে দেখা যায়, প্রথমে শিবলিঙ্গের অভিষেক, তারপর হোম সব ধর্মীয় আচার মেনেই সম্পন্ন হয় পুজো। ছবিতে প্রিয়াঙ্কা ও নিককে পুজোয় বসে থাকতে দেখা যায়, তাঁদের সঙ্গে ছিল মেয়ে মালতীও। পুরোহিতের উপস্থিতিতে সম্পন্ন হয় এই ধর্মীয় অনুষ্ঠান।
তবে সব ছাপিয়ে গিয়েছে ছোট্ট মালতী। সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে তার গলায় ছিল ‘জয় মাতা দি’ লেখা একটি ওড়না। হাতে ছোট্ট চুড়ি, আর উৎসবের সাজে খুদে মালতীর উপস্থিতি ছবিগুলিকে আরও মিষ্টি করে তুলেছে। একটি ছবিতে নিককে মালতীর পা ধুয়ে দিতে দেখা যায়, যা দেখে অনেকেরই মনে পড়েছে কন্যাপুজোর রীতি। নবরাত্রি ও দশেরার সময়ে কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে সম্মান জানানোর যে প্রথা রয়েছে, তার সাথে ছবির মিল রয়েছে।
প্রিয়াঙ্কার এই উদ্যোগ ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা তুলে ধরেছে।








