ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ প্রখ্যাত অভিনেতা রাজেশ শর্মা অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ, তবে সামান্য দুর্বলতা এখনও রয়েছে। চিকিৎসকেরা তাঁকে বাড়িতে সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পান্ডা দ্য ওয়াল-কে জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ২ অগস্ট বালাজি ফিল্মসের ‘এমএমএস ২’ ছবির শুটিংয়ের জন্য লন্ডন উড়ে যাবেন রাজেশ।
পান্ডা আরও জানান, শারীরিক দুর্বলতা ছাড়া অভিনেতার আর কোনও সমস্যা নেই। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকেরা তাঁকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন। গত ৮ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেশ শর্মা। টানা দশ দিন হাসপাতালে থাকার পর অবশেষে তিনি বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে অভিনেতা জানিয়েছেন, দীর্ঘ দিন শুয়েবসে থাকতে থাকতে তিনি ক্লান্ত। দ্রুত শুটিংয়ে ফিরতে চান। তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রভাস সহ ‘ফৌজি’ ছবির টিম নিয়মিত তাঁর খোঁজখবর নিচ্ছিলেন। লন্ডনে গিয়ে আলাদা করে চিকিৎসার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শুভাশিসের।
কলকাতার চিকিৎসা ব্যবস্থার ওপরই অভিনেতার পরিবার আস্থাশীল। প্রসঙ্গত, হায়দরাবাদে প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রাজেশ। রামোজি রাও স্টুডিয়োয় বিষাক্ত পোকার কামড়ে অসুস্থতার খবর ছড়ালেও, অভিনেতার আপ্তসহায়ক এই খবরকে ভুয়ো বলে দাবি করেছেন। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই ঘটনার তদন্তের দাবি জানালেও, শুভাশিস পান্ডা সেই দাবিও খারিজ করে দিয়েছেন। আপাতত সুস্থ হয়ে কাজে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন রাজেশ শর্মা।








