ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবং ‘লাপতা লেডিজ়’-এর অভিনেতা সত্যেন্দ্র সোনি বিস্ফোরক অভিযোগ আনলেন। নতুন ছবি ‘পেড় পালকি’-র নির্মাতাদের বিরুদ্ধে মারধর, অপহরণের চেষ্টা এবং পারিশ্রমিক না দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের দুর্দশার কথা জানান সত্যেন্দ্র। অভিনেতার দাবি, পুষ্পেন্দ্র সিংহ পরিচালিত ও প্রযোজিত ‘পেড় পালকি’ ছবির শুটিংয়ের জন্য তাঁকে মধ্যপ্রদেশে ডাকা হয়েছিল।
শুটিং শুরুর আগে অগ্রিম বাবদ মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়, বাকি পারিশ্রমিক শুটিং চলাকালীন মিটিয়ে দেওয়ার আশ্বাস ছিল। কিন্তু শুটিংয়ের অধিকাংশ শেষ হওয়ার পর বকেয়া টাকা চাইতে গেলে হঠাৎ করেই তাঁর অংশের শুটিং শেষ করে দেওয়া হয় এবং হোটেল খালি করার নির্দেশ আসে। সত্যেন্দ্রের অভিযোগ এখানেই শেষ নয়। তিনি জানান, পরিচালক পুষ্পেন্দ্র সিংহ ও তাঁর স্ত্রী প্রগতি চৌহান তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করেন। অভিনেতা শ্রীধর দুবের সঙ্গে হাঁটার সময় পুষ্পেন্দ্র ও প্রগতি তাঁদের গাড়ি নিয়ে অনুসরণ করেন। সত্যেন্দ্রকে দেখেই তাঁরা রাস্তার মাঝে তাঁর উপর চড়াও হন, মারধর শুরু করেন। শ্রীধরদা বাঁচাতে এগিয়ে এলে তাঁর সঙ্গেও মারপিট করা হয়।
এরপর প্রগতি চৌহান সত্যেন্দ্রকে টেনেহিঁচড়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শ্রীধরদাকেও জোর করে গাড়িতে তোলা হয় এবং তাঁদের গালিগালাজ ও হুমকি দেন। নানা প্রতিকূলতা পেরিয়ে সত্যেন্দ্র নিরাপদে মুম্বই ফিরেছেন। তিনি সকলকে সতর্ক করে বলেছেন, এই স্বামী-স্ত্রী প্রতারক এবং তাঁদের সঙ্গে কাজ না করার অনুরোধ জানিয়েছেন। যদিও এই গুরুতর অভিযোগের বিষয়ে ‘পেড় পালকি’র নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।








