ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: সিঙ্গুরে কি এবার সত্যিই ফিরতে চলেছে শিল্প? দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে শিল্পের স্বপ্ন দেখছে হুগলির সিঙ্গুর। এবার সেখানে ট্রাক তৈরির কারখানা গড়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সিঙ্গুরে কারখানা তৈরি করবে বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ড। খুব শীঘ্রই শুরু হতে পারে প্রকল্পের কাজ।
সম্প্রতি আইআইটি খড়্গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন সুকান্ত। তিনি জানান, রাজ্য সরকারও সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনতে উদ্যোগী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাজ্যের শিল্পনীতি ঘোষণার সময় মুখ্যমন্ত্রীও অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক কথাবার্তার কথা জানিয়েছিলেন।
একসময় টাটার ন্যানো কারখানা ঘিরে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সিঙ্গুর। ২০০৮ সালে জমি আন্দোলনের জেরে প্রকল্প গুজরাটের সানন্দে সরিয়ে নেয় টাটা মোটরস। তারপর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর।
তবে নতুন কারখানার ঘোষণা ঘিরে আশার পাশাপাশি রয়েছে কিছু প্রশ্নও। এখনও পর্যন্ত বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থানের সম্ভাবনা কিংবা প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে ঘোষণার বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে সিঙ্গুরবাসী।









