ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: কলকাতার বুকে ফের মাদক পাচারের বড় ছক বানচাল করল কলকাতা পুলিশের নারকোটিক সেল। বুধবার সন্ধ্যায় ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে, যারা মূলত মুর্শিদাবাদের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল হক ওরফে বাবু, অঞ্জু শেখ এবং আতাবুর শেখ। এদের মধ্যে আব্দুল ও অঞ্জু মুর্শিদাবাদের ইসলামপুর থানার কেশবপুরের বাসিন্দা, অন্যদিকে আতাবুর রানিগঞ্জের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওড়িশা থেকে বিপুল পরিমাণ এই গাঁজা কলকাতায় এনে খুচরো বিক্রেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল ধৃতদের। উৎসবের মরশুমে এই মাদক পাচার করে বড় অঙ্কের টাকা রোজগারের চেষ্টা করছিল তারা।
গোপন সূত্রে খবর পেয়েই গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিকরা ধর্মতলা এলাকায় হানা দেন। পুলিশের সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ১৪.৫৫৯ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপরই তাদের গ্রেফতার করে ময়দান থানায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আদালতে তুলে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বড় মাদক চক্রের সন্ধান পেতে জিজ্ঞাসাবাদ শুরু করবে।








