ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি প্রধানমন্ত্রী কেয়ারস (PM CARES) তহবিলে বড়সড় দুর্নীতির অভিযোগের তদন্তের আবেদন খারিজ করে দিল লোকপাল।
বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, করোনাকালে গঠিত এই তহবিলে অর্থ তছরূপ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই লোকপালের কাছে একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে তহবিলের অডিট এবং দুর্নীতির তদন্তের দাবি জানানো হয়।
তবে লোকপাল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অভিযোগকারীরা তাঁদের দাবির স্বপক্ষে প্রাথমিক কোনও প্রমাণ দেখাতে পারেননি। গত আগস্ট মাসে দায়ের করা আবেদনে সরকারের শীর্ষস্তর থেকে অর্থ তছরূপের অভিযোগ তোলা হয়েছিল।
কিন্তু লোকপাল কর্তৃপক্ষের মতে, উপযুক্ত প্রমাণ ছাড়া তাদের পক্ষে এই ধরনের গুরুতর অভিযোগের তদন্ত করা সম্ভব নয়। লোকপাল আরও জানিয়েছে, যদি আবেদনকারীরা নতুন করে যুক্তিগ্রাহ্য প্রমাণ সহ ফের আবেদন করেন, তবে সেই বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কেয়ারস তহবিল গঠন করেছিলেন। এই তহবিলের স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। লোকপালের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।








