সিঙ্গুরে ফের নতুন শিল্প? মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছে হুগলি

সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন বিনিয়োগের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: দীর্ঘ ১৫ বছর পর সিঙ্গুরের শিল্পের খরা কাটাতে নতুন করে আশার আলো দেখছে হুগলি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার পাশাপাশি সিঙ্গুর নিয়ে বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।

তিনি জানিয়েছেন, সিঙ্গুরে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার বিনিয়োগের জন্য অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। এই ঘোষণায় সিঙ্গুরের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

বামেদের আমলে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের আন্দোলনের কারণে টাটারা কারখানা ছেড়ে চলে যাওয়ার পর সিঙ্গুরের জমি উর্বরতা হারালেও শিল্প আসেনি। গত ১৫ বছরে বাংলায় শিল্পপতিদের আনাগোনা কমে গিয়েছিল, যার ফলে কর্মসংস্থানও সেভাবে হয়নি। শিক্ষিত যুবকরা কাজের সন্ধানে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বাংলায় কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন। বিজেপি সরকার রাজ্যে শিল্প আনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সিঙ্গুরের কথা মাথায় আছে। সিঙ্গুর নিয়ে কিছুটা একটা করব। অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হচ্ছে।”

যদিও সিঙ্গুরে গাড়ি শিল্প ফিরবে কিনা, তা এখনই স্পষ্ট নয়, তবে এই বিনিয়োগের খবরে সিঙ্গুরের মানুষ আশাবাদী। রাজ্যের বদলের পর বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ এসেছে, যা সিঙ্গুরের জন্যও আশার সঞ্চার করেছে।