ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাজ্য সরকারি কর্মীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে জরুরি প্রয়োজনে কর্মীরা নিজেদের বেতনের একটি অংশ অগ্রিম হিসেবে তুলতে পারবেন। চিকিৎসা, সন্তানের পড়াশোনার খরচ বা হঠাৎ কোনও পারিবারিক আর্থিক সমস্যা মেটাতে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’ নামে পরিচিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্থায়ী কর্মীরাই মূলত সুবিধা পাবেন।
অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত সব স্তরের আধিকারিক ও কর্মীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই অগ্রিম বেতনের জন্য আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্স গ্রুপের মাধ্যমে পরিচালিত হবে।
এই প্রকল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে – স্বল্পমেয়াদি বা ‘শর্ট-টার্ম অ্যাডভান্স’ এবং দীর্ঘমেয়াদি বা ‘মাল্টি-মান্থ অ্যাডভান্স’। স্বল্পমেয়াদি ক্ষেত্রে কর্মীরা তাঁদের মোট প্রাপ্য বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা অগ্রিম হিসেবে নিতে পারবেন। এই টাকা সর্বোচ্চ ৬০ দিন অথবা পরবর্তী বেতন চক্রের মধ্যেই শোধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিলে কোনও সুদ বা অতিরিক্ত ফি লাগবে না। তবে, দেরিতে টাকা শোধ করলে সর্বোচ্চ এক শতাংশ পর্যন্ত ট্রানজাকশন ফি ধার্য হতে পারে।
এই নতুন ব্যবস্থা সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








