ভারত-কানাডা বাণিজ্য সম্পর্কে নতুন গতি! মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে বৈঠকে পীযূষ গোয়েল ও কানাডার মন্ত্রী

ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা এগোচ্ছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: দীর্ঘদিনের কূটনৈতিক টানাপড়েন কাটিয়ে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে ফের নতুন আশার আলো! দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করলেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু। এই উদ্যোগ সফল হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি খুলে যেতে পারে বিপুল বাণিজ্যিক সম্ভাবনার দরজা।

কী নিয়ে আলোচনা হল বৈঠকে?

বুধবার নয়াদিল্লিতে কানাডার মন্ত্রী মনিন্দর সিধুর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পীযূষ গোয়েল। মূল আলোচনার বিষয় ছিল প্রস্তাবিত ভারত-কানাডা Comprehensive Economic Partnership Agreement (CEPA) বা সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

দুই দেশের মন্ত্রীরাই এমন একটি চুক্তির উপর জোর দিয়েছেন, যা উভয় পক্ষের জন্য লাভজনক হবে এবং বাজারে পণ্য ও পরিষেবার প্রবেশাধিকার বাড়াবে। পাশাপাশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাণিজ্য দ্বিগুণ!

২০২৫ সালে ভারত ও কানাডার মধ্যে পণ্য ও পরিষেবা মিলিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩০.৪ বিলিয়ন কানাডীয় ডলার। দুই দেশ ২০৩০ সালের মধ্যে এই অঙ্ক বাড়িয়ে ৭০ বিলিয়ন কানাডীয় ডলারে নিয়ে যেতে চায়।

জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি এবং উন্নত উৎপাদন শিল্পে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।