ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ আবাস যোজনা (Paschim Banga Awas Yojana) প্রকল্পে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার আরও ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হবে। শুক্রবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলেও দেবেন। ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তা এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। এবার বাকিদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র নাম পরিবর্তন করে ‘বাংলার বাড়ি’ নাম দেওয়া হয়েছিল। তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পে প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই দেওয়া শুরু করে। প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে এই টাকা দেওয়া হয়েছিল। অন্যদিকে, বিগত সরকারের আমলে আবাস যোজনায় প্রায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, ওই উপভোক্তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আগামী জানুয়ারি মাস থেকেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।









