ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনার নাম করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। মধ্য কলকাতার ডালহৌসি এলাকায় একটি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে পাঁচ মহিলা সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতরা নিজেদের সরকারি প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। পুলিশ সূত্রে খবর, ওই কলসেন্টার থেকে গ্রাহকদের বলা হত, নতুন ‘প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনা’ চালু হয়েছে। এই যোজনার আওতায় প্রথম দফায় কিছু টাকা জমা দিলেই গ্রাহক সারা জীবন দেশের যে কোনও জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন।
এই লোভনীয় প্রস্তাবের ফাঁদে পা দিয়ে বহু মানুষ প্রতারিত হয়েছেন। শুধু রাজ্য নয়, কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই প্রতারণা চালানো হচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। কলসেন্টার থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং গ্রাহকদের একটি বিশাল তথ্য ভাণ্ডার।
লালবাজারের তদন্তকারীদের অনুমান, এই চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।








