ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: শারদোৎসবের মরশুমে বামেদের বুক স্টল ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এই আবহে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বামেদের খোঁচা দিয়ে বলেছেন, “করছে করুক না, বিক্রি তো হয় না।”
প্রতি বছর পুজোর প্যান্ডেল চত্বরে বামেরা যে বুক স্টল খোলে, তা নিয়ে এবার নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘শারদোৎসব’ শব্দের বদলে ‘দুর্গাপুজো’ ব্যবহারের উপর জোর দিয়েছিলেন, যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। শেষ পর্যন্ত হাইকোর্ট স্টল খোলার অনুমতি দেয়।
ষষ্ঠীর সকালে দিলীপ ঘোষ বামেদের বুক স্টল প্রসঙ্গে মন্তব্য করেন, “সবাই স্টল করতে পারে। এতদিন করেছেন, করুন। বিক্রি তো হয় না। ২৫ বছর সেই একই বই রাখা। যেগুলো প্রদর্শনী হয়। এটাকে স্টল না বলে প্রদর্শনী বলুন। কিন্তু তারপরও কিছু ড্রামা করে খবরে আসার চেষ্টা করা হয়।” যদিও এই মন্তব্যের পাল্টা হিসেবে বামেরা জানিয়েছে, চলতি বছরে পুজোর প্রথম দু’দিনেই যাদবপুরের একটি স্টলে রেকর্ড বিক্রি হয়েছে। প্রতি বছর রাজ্যজুড়ে কয়েক হাজার বুক স্টল খোলে বামেরা, যেখানে মার্কসবাদী ও কমিউনিস্ট সাহিত্যের পাশাপাশি জনপ্রিয় বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং বিভিন্ন ধারার বই পাওয়া যায়।
তবে, স্টলগুলিতে ‘দুর্গাপুজো’র বদলে ‘শারদোৎসব’ লেখা নিয়েই বিতর্কের সূত্রপাত। এর মধ্যে কয়েকটি স্টলে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।








