ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না বলে জানা গিয়েছে। কিডনির সমস্যা এতটাই গুরুতর যে তাঁর ডায়ালিসিস চলছে। এর পাশাপাশি ব্রেন স্ট্রোক এবং হৃদযন্ত্রেও জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানোর প্রয়োজন হলেও, বর্তমান শারীরিক অবস্থায় অস্ত্রোপচার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন উজ্জ্বল বিশ্বাস। গত ৫ই অক্টোবর তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। সেই অস্ত্রোপচারের পরেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রায় দু’সপ্তাহ হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে থাকাকালীনই ফের অসুস্থ হয়ে পড়েন। দুর্গাপূজার সময় তাঁর অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে এবং ফুসফুসের কার্যকারিতা কমে যায়। তাঁর এই গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর শারীরিক অবস্থার জন্য রাজনৈতিক প্রতিহিংসা ও নির্বাচনের পরবর্তী অত্যাচারকে দায়ী করেছেন। তিনি মনে করেন, এই মানসিক ও শারীরিক ধাক্কা সামলাতে পারেননি উজ্জ্বল। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা চেয়েছেন।








