ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: পুজো বা অন্য কোনও উৎসবে অক্সিডাইজড বা ইমিটেশন গয়নার চাহিদা তুঙ্গে থাকে।
কিন্তু অনেকের ক্ষেত্রেই এই ধরনের গয়না পরলে ত্বকে র্যাশ বা অ্যালার্জির সমস্যা দেখা দেয়। বিশেষত ঘাড় ও গলায় লালচে ভাব, চুলকানি এবং জ্বালা অনুভূত হয়। চিকিৎসকদের মতে, এই সমস্যাকে ‘অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস’ বলা হয়।
সাধারণত নিকেল বা অন্যান্য সস্তা ধাতু মিশ্রিত গয়না থেকেই এই অ্যালার্জি হয়। এমনকি সোনা বা রুপোর গয়নাতেও অন্য ধাতু মেশানো থাকলে একই সমস্যা হতে পারে। ঘাম, সাবান বা প্রসাধনী গয়নার নীচে আটকে থাকলে ত্বকের জ্বালা আরও বাড়ে।
যদি গয়না পরার কারণে ত্বকে র্যাশ দেখা দেয়, তবে প্রথমেই সেই গয়না খুলে ফেলুন। এরপর আক্রান্ত স্থানটি ঈষদুষ্ণ জল ও মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন। চুলকানি ও জ্বালা কমাতে বরফ সেঁক বা ঠান্ডা জলের ঝাপ্টা কার্যকর হতে পারে। র্যাশের উপর সরাসরি পেপারমিন্ট বা ইউক্যালিপটাস তেল, অ্যাপল সিডার ভিনিগার বা কোনও ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এতে সমস্যা আরও বাড়বে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ১ শতাংশ হাইড্রোকর্টিসোন ক্রিম ব্যবহার করা যেতে পারে। ভবিষ্যতে এই সমস্যা এড়াতে নিকেলমুক্ত গয়না বেছে নিন। ইমিটেশনের বদলে মাটি, কাঠ বা রেসিনের তৈরি গয়না পরতে পারেন।
গয়না পরার সময় ত্বক শুকনো ও পরিষ্কার রাখা জরুরি। ব্যায়াম, স্নান বা সাঁতারের সময় গয়না খুলে রাখুন। বার বার র্যাশ দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।








