ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ মুম্বইয়ের বাইকুল্লায় মহরমের মিছিলে এক ভয়াবহ গণহত্যার ছক ভেস্তে দিল পুলিশ। শুক্রবার আশুরার শোভাযাত্রায় অন্তত ১৫ হাজার মানুষকে বিষ খাইয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে। পুলিশ ফৈয়াজ প্রেমজি নামে এক যুবককে গ্রেফতার করেছে, যে ব্যথার ওষুধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্যাপসুলের নাম করে জিঙ্ক ফসফাইড মিশ্রিত বিষাক্ত ক্যাপসুল বিলি করছিল।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে প্রায় ১৪,৯০০টি বিষাক্ত ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। জিঙ্ক ফসফাইড ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত অত্যন্ত প্রাণঘাতী রাসায়নিক। এই ক্যাপসুল খেয়ে অন্তত ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও বর্তমানে তাঁরা বিপন্মুক্ত। এই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে তিন মহিলা স্বেচ্ছাসেবীর তৎপরতায়। তাঁরাই প্রথম অভিযুক্তের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন এবং পুলিশকে খবর দেন। একইসঙ্গে লাউডস্পিকারে ঘোষণা করে মিছিলে উপস্থিত সকলকে সতর্ক করা হয়।
ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত মীনা জানিয়েছেন, ধৃত যুবক বিবিএ স্নাতক এবং অতীতে ইরান ও ইরাক সফর করেছে। পুলিশ এই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি যোগ বা বড় চক্রের ভূমিকা খতিয়ে দেখছে। ধৃতকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য উদ্ধার হওয়া ক্যাপসুল পাঠানো হয়েছে। এই ঘটনা মুম্বইয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।








