ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: শিশুদের পোলিওমুক্ত করার অভিযানই এবার প্রাণঘাতী হয়ে উঠল পাকিস্তানে! পোলিও টিকাকরণ কর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন দুই পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিশকর্মী। শুধু তাই নয়, পৃথক ঘটনায় চার পোলিও স্বাস্থ্যকর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে। পরপর এই ঘটনায় উত্তর-পশ্চিম পাকিস্তানে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একটি মোটরবাইকে করে আসা দুষ্কৃতীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় ওই পুলিশকর্মীরা একটি গ্রামের দিকে যাচ্ছিলেন, যেখানে তাঁদের পোলিও টিকাকরণ দলের নিরাপত্তার দায়িত্ব সামলানোর কথা ছিল। হামলায় ঘটনাস্থলেই দুই পুলিশকর্মীর মৃত্যু হয়। আহত হন আরও একজন। তবে হামলার সময় পুলিশের গাড়িতে কোনও পোলিও টিকাকর্মী উপস্থিত ছিলেন না। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় সোমবার চার পোলিও কর্মীকে অপহরণ করা হয়েছে বলে খবর। তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন।
উল্লেখ্য, পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচিতে হামলার ঘটনা নতুন নয়। পাকিস্তানি তালিবান-সহ একাধিক জঙ্গি সংগঠন দীর্ঘদিন ধরেই এই অভিযানের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, পোলিও টিকা পশ্চিমি দেশগুলির ষড়যন্ত্র। অথচ এই মুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানই বিশ্বের একমাত্র দুই দেশ, যেখানে বন্য পোলিও ভাইরাস এখনও স্থানীয়ভাবে ছড়িয়ে রয়েছে।
এদিকে, নতুন টিকাকরণ অভিযানে দেশের ৯৭টি ঝুঁকিপূর্ণ জেলায় প্রায় ২ কোটি ৪০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যেই এমন হামলায় প্রশ্নের মুখে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও টিকাকরণ কর্মীদের নিরাপত্তা।








