ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ। গত ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন তিনি, যার ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল।
দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, টানা অনশনের কারণে সোনম ওয়াংচুকের ওজন প্রায় ৯ কেজি কমে গিয়েছিল এবং তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ারের বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল যে, অনশনরত ওয়াংচুকের জীবন রক্ষায় যা প্রয়োজন, তা-ই করতে হবে। সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানোর কথাও বলা হয়েছিল।
হাইকোর্টের সেই নির্দেশ মেনেই অনশনের ২১তম দিনে আজ ভোরে কড়া পুলিশি পাহারায় একপ্রকার বলপ্রয়োগ করে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত অন্যান্য আন্দোলনকারীদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বিক্ষোভস্থলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। দিল্লি পুলিশের কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্পষ্ট জানিয়েছেন যে, হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোনম ওয়াংচুককে হাসপাতালে পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের দ্রুত ও শান্তিপূর্ণভাবে স্থান খালি করার অনুরোধও জানানো হয়েছে।








