ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ২০০৪ সালে ইউপিএ জোটের জয়ের পর প্রধানমন্ত্রী পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সোনিয়া গান্ধী। ২২ বছর পর তাঁর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ তিনি সেই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। সোনিয়া জানিয়েছেন, তাঁর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা তাঁকে প্রধানমন্ত্রী হতে দিতে চাননি। তাঁদের মনে ভয় ছিল, কারণ তাঁরা ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ভয়াবহ স্মৃতি আজও ভোলেননি। সন্তানদের এই আতঙ্কই ছিল তাঁর প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যানের অন্যতম প্রধান কারণ।
আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, তাঁর ছেলেমেয়েরা তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেছিল যে তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা। তিনি সঙ্গে সঙ্গে ‘না’ বলে দেন। তিনি উল্লেখ করেছেন, তাঁর সন্তানদের কাছে প্রধানমন্ত্রীর পদ মানেই ছিল চরম নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশঙ্কা। এই কথা শুনে রাহুল ও প্রিয়াঙ্কা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তবে, জোটের নেতাদের প্রবল চাপ ছিল সোনিয়ার উপর। নির্বাচনের পর ১০ জনপথের বাসভবনে নেতারা তাঁকে প্রায় এক ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, নেতারা সোনিয়াকে ঘিরে ধরে চিৎকার করে বলেন যে তারা এই সিদ্ধান্ত মানবেন না। এই প্রবল চাপে সোনিয়া শেষ পর্যন্ত মৃদুস্বরে ‘ঠিক আছে’ বলে দেন, যা শুনে নেতারা উল্লাসে ফেটে পড়েন।
কিন্তু এই ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত কষ্ট পান এবং কেঁদে ফেলেন। তিনি রাহুলকে নিয়ে সোনিয়ার কাছে যান এবং তীব্র প্রতিবাদ জানান। রাহুল গান্ধীও প্রশ্ন তোলেন, কীভাবে তিনি চাপ সত্ত্বেও রাজি হতে পারেন। প্রিয়াঙ্কাও তাঁর মাকে সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন। সোনিয়া তাঁর ‘বিদেশি মূল’ নিয়ে বিজেপির আক্রমণ এবং দেশের ক্ষতি হওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী হতে চাননি বলেও উল্লেখ করেছেন।










