ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ বিশ্বকাপ ২০২৬-এ অবশেষে জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে সেলেকাওরা এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। দলের এই দাপুটে জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন মাতেউস কুনহা। অপর গোলটি আসে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় কার্লো অ্যান্সেলোত্তির দলের উপর চাপ ছিল। হাইতির বিরুদ্ধে সেই চাপ কাটিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে নিজেদের জাত চেনাল ব্রাজিল।
বোস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা মসৃণ না হলেও, ২২ মিনিটে কুনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ-দিক থেকে জুনিয়রের কাট-ব্যাক ক্লিয়ার করতে গিয়ে হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার ভুলে বল কুনহার গায়ে লেগে জালে জড়ায়। এরপর ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে ভিনিসিয়াসের বাড়ানো পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে প্রায় অসম্ভব কোণ থেকে রকেট শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কিপারকে নিশ্চল রেখে ঠান্ডা মাথার ফিনিশে ভিনিসিয়াস জুনিয়র গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধে হাইতি কিছু পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণকে খুব বেশি সমস্যায় ফেলতে পারেনি। ম্যাচের ৬৪ মিনিটে এনড্রিক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে ব্রাজিল। মরক্কোরও চার পয়েন্ট থাকলেও তারা গোলপার্থক্যে পিছিয়ে। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে হাইতির বিদায় নিশ্চিত হয়ে গেল। তবে জয়ের আনন্দ কিছুটা ম্লান করেছে রাফিনিয়ার চোট। প্রথমার্ধের ৩৯ মিনিটে কোনও বড় সংঘর্ষ ছাড়াই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনা তারকা। তাঁর চোটের ধরন এখনও জানা যায়নি, যা ব্রাজিল শিবিরের জন্য উদ্বেগের কারণ। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেই নক আউট নিশ্চিত হবে ব্রাজিলের।








