ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় ফের বদল করা হল তদন্তকারী আধিকারিক। জয়ন্ত পোদ্দারকে সরিয়ে এবার এই মামলার দায়িত্ব দেওয়া হল বারুইপুর জেলা পুলিশের ডিএসপি ও ডিইবি শান্তনু মুখোপাধ্যায়কে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু’বার তদন্তকারী অফিসার বদল করা হল। প্রথমে নাবালিকার নিখোঁজ ডায়েরির তদন্ত করছিলেন দিগন্ত মণ্ডল। ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের হওয়ার পর তাঁর জায়গায় আসেন জয়ন্ত পোদ্দার। এবার সেই দায়িত্ব পেলেন শান্তনু মুখোপাধ্যায়। তদন্তের এই ঘন ঘন বদল ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে।
গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সঠিক বিচারের আশ্বাস দেন। এরপর তিনি গণপিটুনিতে মৃত ব্যক্তির বাড়িতেও যান, যেখানে তিনি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী ওই ব্যক্তিকে ‘ইনোসেন্ট’ বলেও দাবি করেছিলেন। এই ঘটনার পর পরই তদন্তকারী আধিকারিক বদলের বিষয়টি সামনে আসে। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
একদিকে যখন ধর্ষণকাণ্ডের এক অভিযুক্তকে পুলিশ এনকাউন্টার করেছে, অন্যদিকে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে তদন্তের গতি-প্রকৃতি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।








