নিউজ নয়া ভারত : পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে আগামী ২১ জুন ২০২৬, রবিবার প্রয়াত সমাজসেবী ও জনপ্রিয় ব্যক্তিত্ব চন্দ্রনাথ রথের স্মরণে এক বিশেষ স্মরণসভা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন, এই কর্মসূচি সম্পূর্ণভাবে সামাজিক ও মানবিক উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল স্তরের মানুষের অংশগ্রহণ কাম্য।
অনুষ্ঠানের সূচনা হবে সকাল ১০টায় রক্তদান শিবিরের মাধ্যমে। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রয়াত চন্দ্রনাথ রথের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চন্দ্রনাথ রথের কর্মময় জীবন, সমাজের প্রতি তাঁর অবদান এবং মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই স্মরণসভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের প্রয়োজনে এগিয়ে আসার বার্তাও দেওয়া হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে “রয়েল গেস্ট হাউস”, কালিকাখালি, চণ্ডীপুরে (বেঙ্গল পেট্রোল পাম্পের উল্টোদিকে)।
রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। মানবিকতা, সামাজিক সম্প্রীতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ । রক্তদানের মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা পাক এবং চন্দ্রনাথ রথের স্মৃতি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক— এটাই প্রত্যাশা রাখে নিউজ নয়া ভারত।








