ব্যুরো নিউজ , ২৭ অক্টোবর ২০২৬: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার সকালেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বিকেলের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে অর্ণব, বিশেষত বাপতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানামের কাছে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
যদিও অর্ণবের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, এর পরোক্ষ প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার এই বৃষ্টি আরও বাড়বে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে, উপকূলের সৈকত পর্যটনকেন্দ্রগুলিতে সমুদ্রকেন্দ্রিক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








