ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে নিজের অবস্থান বদলালেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।
বিতর্কিত বিধায়ক হুমায়ুন জানিয়েছেন যে, রাজ্যের প্রশাসনিক প্রধানের ইচ্ছা থাকলে তা মেনে নিতে হবে। যদিও এর আগে তিনি বাবরের নামে মসজিদ নির্মাণের পক্ষে সওয়াল করেছিলেন।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন যে মুর্শিদাবাদে বাবরের নামে কোনও মসজিদ নির্মাণ করা যাবে না এবং এই নামে কোনও অনুমতিও দেওয়া হবে না। তাঁর এই মন্তব্যের পরই হুমায়ুন কবীর ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, ‘রাজ্যের প্রশাসনিক প্রধান না চাইলে তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে।’
উল্লেখ্য, ২৬-এর নির্বাচনের আগে হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস ছেড়ে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে একটি নতুন দল গঠন করেছিলেন। সেই সময়েই তিনি বাবরি মসজিদ নির্মাণের কথা বলেছিলেন, যা রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। এমনকি, তিনি ৬ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নির্দেশ জেলাশাসকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হুমায়ুন কবীরের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








