ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ ইস্কন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসকে তাঁর সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যম বা অন্য কোনও পাবলিক ফোরামে ইস্কনের হয়ে প্রতিনিধিত্ব করা বা কথা বলার ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার নিজেই সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে এই খবর জানিয়েছেন রাধারমণ দাস।
ইস্কন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাধারমণ লিখেছেন, তাঁকে ইস্কনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সংবাদমাধ্যম, সরকারি আধিকারিক বা কোনও পাবলিক ফোরামে ইস্কনের পক্ষে আর কোনও বক্তব্য না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ কেন এই পদক্ষেপ? রাধারমণ নিজেই তাঁর পোস্টে সেই কারণগুলি স্পষ্ট করেছেন। তাঁর দাবি, মূলত ছ’টি বিষয়ের কারণে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও ইস্কন ভক্তদের উপর অত্যাচার নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা, চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে লাগাতার সোচ্চার হওয়া, মানেকা গান্ধীকে আইনি নোটিস পাঠানো, কমেডিয়ান সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের করা, ‘সনাতন ধর্ম নির্মূল’ করার লবির বিরুদ্ধে প্রকাশ্যে সওয়াল করা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ১৯৭৬ সালের নিউ ইয়র্ক রথযাত্রার যোগসূত্র নিয়ে পোস্ট শেয়ার করা।
এছাড়াও, গত ২৯ মে ২০২৬ তারিখে একটি লাইভ ইন্টারভিউতে অংশ নেওয়াও ইস্কন কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি বলে তিনি মনে করছেন। কর্তৃপক্ষের এই নির্দেশ অবশ্য মেনে নিয়েছেন রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানান এবং নির্দেশ মেনে চলবেন।








