ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: বীরভূমের রামপুরহাটে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভার খবর সংগ্রহ করে ফেরার পথে আক্রান্ত হলেন চিত্র সাংবাদিক সুশান্ত পাল।
বুধবার রাতে বাড়ি ফেরার সময় একদল দুষ্কৃতী তাঁর পথ আটকে বেধড়ক মারধর করে। বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে এবং টাকা ও জরুরি নথি ছিনিয়ে নেওয়া হয়েছে।
ময়ূরেশ্বর থানার ঘোষপাড়া এলাকায় রাত সাড়ে আটটা নাগাদ ৮-৯ জন দুষ্কৃতী সুশান্ত পালের পথ আটকে বাঁশ ও রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মাথায় রড দিয়ে আঘাত করার চেষ্টা করা হলে হেলমেট থাকায় তিনি রক্ষা পান। তবে দুষ্কৃতীরা জোর করে হেলমেট খুলে পাশের পুকুরে ফেলে দেয়। শারীরিক নিগ্রহের পাশাপাশি সুশান্ত পালের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। তাঁর মানিব্যাগ, প্রেসের জরুরি কাগজপত্র এবং পকেট থেকে প্রায় ৫৫০০ টাকাও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ময়ূরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিত্র সাংবাদিক। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








