কালীপুজোয় স্বস্তি! শিয়ালদহ ডিভিশনে গভীর রাতেও ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে গভীর রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানুন সময়সূচি ও রুট।

Share:

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শহরবাসীর জন্য এক বিরাট সুখবর নিয়ে এল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। উৎসবের মরশুমে ঠাকুর দেখে গভীর রাতে বাড়ি ফেরার চিন্তা আর রইল না।

এবার থেকে নাইট রাইডার্স ও পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে একাধিক স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর, এই তিন রাতের জন্য শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর রুটে মোট ৬ জোড়া অতিরিক্ত নাইট স্পেশাল ট্রেন চলাচল করবে। এই বিশেষ ট্রেনগুলি যাত্রাপথে প্রতিটি স্টেশনেই থামবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ১২টি ট্রেন চলবে। যেমন, শিয়ালদহ-ডানকুনি রুটে একটি ট্রেন রাত ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১১টা বেজে ৪২ মিনিটে ডানকুনি পৌঁছাবে। আবার ডানকুনি-শিয়ালদহ রুটে একটি ট্রেন রাত ১১টা বেজে ৫৫ মিনিটে ছেড়ে রাত ১২টা বেজে ৩৭ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। অন্যান্য রুটেও প্রায় একইরকম সময়সূচি মেনে ট্রেনগুলি চলবে। হঠাৎ ভিড় সামলাতে শিয়ালদহ (উত্তর), রানাঘাট ও বারাসত স্টেশনে চালক সহ অতিরিক্ত EMU ট্রেন স্ট্যান্ডবাই রাখা হচ্ছে। প্রয়োজনে সেগুলি দ্রুত চালু করা হবে।

এছাড়াও, নৈহাটি জংশনে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে মধ্যরাত পর্যন্ত নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন চলাচল করবে না। রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা জানিয়েছেন, উৎসবের মরশুমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাই রেলের প্রধান লক্ষ্য। সবরকম পরিকাঠামোগত প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি যাত্রীদের কাছে অনুরোধ করেছেন, যেন তাঁরা নিরাপত্তার নিয়ম মেনে ট্রেন ভ্রমণ করেন।