ব্যুরো নিউজ, ১৬ জুলাই ২০২৬ : উত্তরবঙ্গগামী পর্যটক ও যাত্রীদের জন্য সুখবর। কলকাতা থেকে সরাসরি ডুয়ার্স পর্যন্ত নতুন বাস পরিষেবা শুরু হয়েছে। দুর্গাপূজা সমাগত এবং বর্ষার মরসুমে উত্তরবঙ্গের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক বহু মানুষের জন্য এটি এক দারুণ স্বস্তির খবর। ট্রেনের টিকিট অমিল থাকায় যারা চিন্তায় ছিলেন, এবার তারা আরামদায়ক বাসে চেপেই পৌঁছে যেতে পারবেন সবুজ ডুয়ার্সের কোলে।
জানা গেছে, RUBI PARIBAHAN নামক একটি সুপরিচিত বাস সংস্থা এই নতুন পরিষেবা চালু করেছে। এর ফলে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে। বাসগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন। এই পরিষেবা আলিপুরদুয়ারের সঙ্গে কলকাতার সরাসরি সংযোগ স্থাপন করবে। বাসের রুট সম্পর্কে জানা গেছে, এটি মাদারিহাট, বীরপাড়া, চালসা, লাটাগুড়ি এবং শিলিগুড়ি হয়ে কলকাতায় প্রবেশ করবে। এই নতুন ব্যবস্থার ফলে পর্যটকরা সহজেই গোরুমারা, জলদাপাড়া, বক্সা ব্যাঘ্র প্রকল্প-সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছাতে পারবেন।
এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন লিখেছেন, “সমগ্র আলিপুরদুয়ার বাসির কাছে এটা খুব ভালো পাওনা।” অন্য একজন মন্তব্য করেছেন, “খুব ভালো উদ্যোগ। এটা খুব দরকার ছিল।” এই নতুন বাস পরিষেবা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








