নিউটাউনে বেসরকারি হাসপাতালে তাণ্ডব! আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, মার খেলেন রোগী ও কর্মীরা

নিউটাউনের বেসরকারি হাসপাতালে তাণ্ডব, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, রোগী ও কর্মীদের মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনা।

Share:

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: নিউটাউনের যাত্রাগাছি এলাকায় এক বেসরকারি হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটার সঞ্জীব বিশ্বাস ও তাঁর দলবলের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, আগ্নেয়াস্ত্র হাতে একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে রোগীদের ভয় দেখায় এবং চিকিৎসক ও নার্সদের মারধর করে। সেই সময় হাসপাতালে ৯ জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে দুজন আইসিইউতে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রোমোটার সঞ্জীব বিশ্বাস এই হামলার পিছনে রয়েছেন এবং তাঁর শাসকদলের সঙ্গেও যোগসূত্র আছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে ঘটনার পর নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, ঘটনার দু’দিন আগে প্রোমোটার সঞ্জীব বিশ্বাস দাবি করেছিলেন, যে জমিতে হাসপাতালটি তৈরি হয়েছে, সেটি তাঁর। তিনি কয়েক কোটি টাকা ভাড়া বকেয়া থাকার কথাও বলেন এবং হাসপাতালটি বেআইনিভাবে চলছে বলেও অভিযোগ করেন।

জমি সংক্রান্ত বিবাদ, আদালতে বিচারাধীন মামলা এবং তার মধ্যেই এই ধরনের হামলার অভিযোগ এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।