ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ পূর্ব মেদিনীপুর: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের অফিসে গিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও, সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম বারিক জানান, রাজ্যে নতুন সরকার এসেছে বিপুল জনাদেশ নিয়ে। সেই জনাদেশকে সম্মান জানিয়ে তিনি আর এই পদে থাকতে চান না। এই পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কারণ, ২০১১ সালে রাজ্যে পালাবদলের আগেই ২০০৯ সাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পটাশপুরের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। বিজেপির পক্ষ থেকে এই পদত্যাগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, দেরিতে হলেও তাঁর বোধোদয় হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিধাননগরের মেয়র পদে কাজ করতে না পারার অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। যদিও তিনি কাউন্সিলর হিসাবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফিরহাদ হাকিমের পদত্যাগের জল্পনার মধ্যেই কৃষ্ণা চক্রবর্তীর এই ইস্তফা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছিল। এবার উত্তম বারিকের পদত্যাগ সেই জল্পনাকে আরও উস্কে দিল। এই ঘটনাগুলি রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত বহন করছে।








