এনআইএ-র হাতে শওকত মোল্লা গ্রেফতার: স্ত্রী ২৪টি জমির মালকিন, মেয়ে কলেজ শিক্ষিকা; পরিবারের সদস্যদের পরিচয়

এনআইএ-র হাতে গ্রেফতার শওকত মোল্লা। তাঁর স্ত্রী ২৪টি জমির মালকিন, মেয়ে কলেজ শিক্ষিকা। জানুন প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যদের পেশা ও সম্পত্তির বিস্তারিত তথ্য।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লাকে সম্প্রতি ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় হওয়া বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিধানসভা নির্বাচনের এক মাস কাটতে না কাটতেই এই গ্রেফতারি রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শওকতকে আদালতে তোলা হলে ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

তবে আদালত থেকে বেরনোর সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে জানান, তাঁকে ফাঁসানো হয়েছে। শওকত মোল্লার গ্রেফতারির পর তাঁর পরিবারের সদস্যদের পেশা ও সম্পত্তির বিবরণ সামনে এসেছে। জানা গিয়েছে, শওকত ও তাঁর স্ত্রীর তিন সন্তান – দুই মেয়ে ও এক ছেলে। তাঁদের বড় মেয়ে রোকেয়া মহাবিদ্যালয়ের স্টেট অ্যাডেড কলেজ টিচার (এসএসিটি)। ছোট মেয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। একমাত্র ছেলে স্নাতক পাশ করে একটি ক্যাফে চালান। তবে সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল, শওকত মোল্লার স্ত্রী বিপুল সম্পত্তির অধিকারিণী।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর নামে সোনারপুর, জীবনতলা, ক্যানিং ও কুমারখালি সহ একাধিক জায়গায় মোট ২৪টি জমি রয়েছে। এছাড়াও, বিগত তিনটি অর্থবর্ষে তাঁর স্ত্রীর আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯৬ হাজার ২৯০ টাকা, যা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।