তৃণমূল কাউন্সিলরের বাড়ি-কার্যালয় থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার, ‘চোর’ স্লোগানে উত্তাল রাজপুর-সোনারপুর

রাজপুর-সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার। 'চোর' স্লোগানে উত্তাল এলাকা, অভিযোগ দুর্নীতির। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ছন্দা ঘোষালের বাড়ি ও কার্যালয় থেকে বিপুল সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি দ্রব্য মজুত করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই সামগ্রীগুলি সাধারণের কাছে পৌঁছানোর বদলে দীর্ঘদিন ধরে মজুত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে ডিম ছোড়া হয় এবং ‘চোর চোর’ স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে। অভিযোগের তির বর্তমান কাউন্সিলর ছন্দা ঘোষাল ও তাঁর স্বামী, প্রাক্তন কাউন্সিলর সৌমেন মোহন ঘোষালের দিকে।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের সভাপতি দেবপ্রসাদ চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণের প্রয়োজন সত্ত্বেও সরকারি সামগ্রী মজুত ছিল। বিজেপি কর্মী নিতাই মজুমদারের দাবি, সরকারি প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া হতো। স্থানীয় বাসিন্দা সৌমি চক্রবর্তী জানান, ওয়ার্ডে উন্নয়নের কাজ থমকে, সরকারি শৌচালয় চালু হয়নি, নিকাশি ব্যবস্থাও বেহাল। যদিও এই অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলার ছন্দা ঘোষাল কোনও মন্তব্য করতে রাজি হননি। তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি মুখ খোলেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া মালপত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, সামগ্রীগুলি সরকারি সম্পত্তি কিনা এবং কীভাবে মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।