ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এবার সেই ভাঙনকেই কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। দলের প্রতীক ও নাম অপব্যবহার করে কর্মীদের বিভ্রান্ত করার অভিযোগে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কালীঘাট তৃণমূলের তরফে সাংসদ দোলা সেন নিউটাউন এবং কালীঘাট থানায় এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও অরূপ রায়, জাভেদ খান এবং সন্দীপন সাহার নাম উল্লেখ করা হয়েছে। গত সোমবার নিউটাউনের একটি হোটেলে ঋতব্রত তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে একটি কর্মসমিতি গঠন করেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই হয়নি। এরপরই কালীঘাট তৃণমূলের তরফে এই পদক্ষেপ নেওয়া হল। মমতার দলের অভিযোগ, ঋতব্রতরা দলের প্রতীক ও নাম ব্যবহার করে সাধারণ কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
তাঁদের বিশ্বাস, এর পেছনে কোনও অদৃশ্য শক্তি কাজ করছে এবং সেই অদৃশ্য ব্যক্তিকে চিহ্নিত করার আবেদনও জানানো হয়েছে অভিযোগপত্রে। মমতাপন্থী দোলা সেন জানিয়েছেন, আসল তৃণমূলের প্রতীক সহ সবকিছু ব্যবহার করে অবৈধ কাজকর্ম করা হচ্ছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, অভিযোগ দায়েরের খবর পেয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ যে কেউ জানাতেই পারেন। তিনি দেশের আইন এবং নির্বাচন কমিশনের উপর তাঁর অটুট ভরসার কথা পুনর্ব্যক্ত করেছেন।








