সান্দাকফু-ফালুট রুটে পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে জিটিএ-র বিশেষ উদ্যোগ

দার্জিলিংয়ের সান্দাকফু-ফালুট রুটে পর্যটকদের জিটিএর বিশেষ নিরাপত্তার উদ্যোগ। প্রশিক্ষণ, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ পদক্ষেপ নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। সমুদ্র থেকে ১২ হাজার ফুট ওপরের সিঙ্গালিলা শৈলশিরায় অবস্থিত সান্দাকফু-ফালুট রুটে ট্রেকার ও সাধারণ পর্যটকদের সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জিটিএ সূত্রে খবর, থাকুম ভ্যালি, সাবারগ্রাম এবং ফালুটে পর্যটকদের রাত্রিবাসের স্থানগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হোমস্টে কর্তৃপক্ষ এবং গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পাশাপাশি, পর্যটকদের সুরক্ষার জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও বিতরণ করা হয়েছে। এই সরঞ্জামগুলির মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, অগ্নিনির্বাপক যন্ত্র এবং একটি সম্পূর্ণ প্রাথমিক চিকিৎসার কিট। পর্যটকদের যেকোনো ধরনের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মানেভঞ্জনে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রাখা হয়েছে। ট্রেকিং রুট ও ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশনের চালক ও গাইডদেরও জরুরি পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই সব পদক্ষেপের ফলে সান্দাকফু-ফালুট রুটে আগত পর্যটকদের ভ্রমণ আরও নিরাপদ ও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে।